Saturday, October 18, 2008

বিক্ষিপ্ত অনুরণন

পুষ্পাকীর্ণ এই সমাধিক্ষেত্র
নিদারুণ মর্মপীড়া জাগায়
অন্তর্নিহিত শক্তি থেকে
অশ্রুগুলো বিস্মৃত হতে চায়।

গতানুগতিক কাজের মাঝে
হৃদয়ানুভূতি প্রকাশের অপৌনঃপুনিকতা,
অনাবশ্যক বিবেচিত অপ্রকাশিত কথামালা,
আলো-আঁধারির খেলা,
অশ্রুভেজা পাপড়িগুলো,
দৈব সম্ভাবনার অপব্যবহার,
অকুতোভয় পদচারণ এবং স্নেহার্দ্র দৃষ্টি,
উচ্চপ্রশংসা ও আক্ষেপের রহস্যময়তায়
হারিয়ে যাওয়া অব্যক্ত ভালবাসা,
কিংবা না পাঠানো শুভেচ্ছা বার্তায়
শুধু একটি নাম অনুরণিত হচ্ছে, বিক্ষিপ্তভাবে।


-----------------------------
প্রথম প্রকাশঃ সচলায়তন, ২০০৮।

Monday, September 29, 2008

ভাঙ্গা আয়নার প্রতিবিম্ব

ভাঙ্গা আয়নার প্রতিবিম্ব আজ মুখোমুখি
বিকৃত সেই প্রতিবিম্ব চেয়ে থাকে
আয়নার ভাঙ্গা টুকরোগুলো থেকে।
বিস্ময়াহত হয়ে খুঁজছি
মিথ্যে এই প্রতিবিম্বের উৎসকে;
হয়তোবা নিজেকে হারিয়েই ফেলেছি
চুরমার হয়ে যাওয়া আয়নার মাঝে।

পিটপিট করে তাকানো
শতশত চোখের মাঝে
অবিশ্বাসের ছায়া দেখতে পাই,
পরীক্ষা করে দেখতে চাইছে
আয়নার অবশিষ্ট টুকরোগুলোর মতন।

রূপালী প্রলেপের পেছনে
লুকিয়ে থাকা গাঢ় বিষণ্নতা
বাঁকা হাসি হাসছে বিজয়ের উৎসবে।
মেঝেতে ছড়িয়ে থাকা অসংখ্য প্রতিবিম্ব
বন্দী করতে চাইছে আমাকে
ঐ ভাঙ্গা আয়নায় মাঝে।

Sunday, September 21, 2008

তোমায় পড়ে মনে

তোমায় মনে পড়ছে
সূর্যাস্ত থেকে সূর্যোদয়
পাখির অবিরাম কলরব,
রাস্তার কুকুরের চিৎকার
একটু পানির জন্য হাহাকার;
রিমঝিম নূপুরের নিক্কন
টুপটাপ বৃষ্টির গুঞ্জন
সাগরের প্রচণ্ড গর্জন
আষাঢ়ের প্রবল বর্ষণ;
ব্যস্ত শহরের কোলাহল
আশা-শঙ্কার দোলাচল;
ক্ষুধার্ত মানুষের চিৎকার
ধনীর অট্টালিকার মর্মর;
তবুও তোমায় পড়ে মনে
নিরন্তর, সারাবেলা।
------------------------------
প্রথম প্রকাশঃ সচলায়তন,২০০৮।

Saturday, September 6, 2008

মায়াবী মুহূর্তগুলো

জ্যোৎস্নালোকিত রাতে
চমৎকার মুহূর্তগুলো আসে
যখন কোনও অপ্সরা
চুমু দিয়ে যায় কপোলে;

শুধু একটি চমৎকার মুহূর্তকেই
আঁকড়ে ধরে থাকি
যেন অন্যসব মুহূর্তগুলো আসেইনি।

বসন্তের বাতাসে ফুলের সৌ্রভ,
দীর্ঘস্থায়ী ভালবাসার পরশ,
সেকি আরো মায়াবী নয় ?

যেসব মুহূর্তগুলো
মায়াবী পরশ বুলিয়ে
নিভে আসা ভালবাসার
প্রদীপকে পুনরুদ্দীপ্ত করে,
তা যেন আমাদের
দৃঢ়প্রত্যয়ের শিক্ষা দেয়।

Sunday, August 24, 2008

এই আমি একাকী !

আমি একাকী
বড় বেশী একাকী;
উপেক্ষিত,
আহত,
দলাপাকানো কাগজের মত
ছুঁড়ে ফেলা এককোণে।

আমি একাকী
চারপাশে কেউ নেই
নিরাপত্তা দেবার মতন,
দেখার কেউ নেই
আমার যন্ত্রণা।

চিৎকার করে উঠি হঠাৎ
তবে তাতে কোনও আশা নেই,
আমি খুব বেশী একা
এবং তা কেউ জানেনা।

Sunday, August 10, 2008

অর্ধস্ফুট গোলাপের জন্য

প্রস্ফুটিত গোলাপ মনে করিয়ে দেয়
তোমার কথা
যার রঙ সবে দেখা দিয়েছে
মৃদুমন্দ বায়ুতে সুগন্ধির আভাস
যার সকল কিশলয় অর্ধফোটা।

আগামীর উৎকর্ষ তোমার পথে পথে
জ্বালাবে ভালবাসার দীপশিখা,
বিচরণ হবে তোমার ঐ মহাকাশে
সমুদ্রের প্রান্তে-প্রান্তরে
ভালবাসার স্রোতে ভেসে।

সাত রাজার গুপ্তধন খুঁজে বের করার মত
আবিষ্কার করছি তোমাকে
তোমার সৌন্দর্য অপরিমেয়
তুমি হে অর্ধস্ফুট গোলাপ কন্যা।


----------------------
১১ই আগস্ট, ২০০৮।

Saturday, August 2, 2008

নীহারকণায় লেখা শোকগাঁথা

কোনও এক স্নিগ্ধ সকালে
শীতল সূর্যোদয় লিখে চলেছে
আমাদের শোকগাঁথা নীহারকণায়,
হাজারো তুষারকণা হারিয়ে যায়
আলোর উৎসে।
প্রবল কোনও ঘূর্ণিপাকে
হারিয়ে যায় সবই,
যেন মৃত্যুচিন্তাও আমাদের ভাবিত করেনা।
অনবদ্য কবিতার মানে দাঁড়ায় এক স্তবকেই
যেমন সব সাদা কাগজই বলে এক কথা।

আঘাত পাওয়া অনুভূতিগুলো
পারলৌকিক বলেই যেন ক্ষণস্থায়ী,
তেমনি সংক্ষিপ্ত যেন কতগুলো হাড়ের
ধরে রাখা আমাদের নশ্বর দেহ।

বাগ্নীতা হারিয়ে যায়
প্রায়শ্চিত্তের দুঃশ্চিন্তায়,
মনে রাখা কঠিন তোমার হাতে রেখে হাত।
আজ চাই স্তব্ধ করে দেয়া কোনও স্পর্শ
ক্ষণস্থায়ী এই আবহাওয়ার পরিবর্তনে।

-------------------------------

প্রথম প্রকাশঃ সচলায়তন, ২০০৮।